ঢাকা: সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ অভিযোগ তুলে প্রতিবাদ জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসেছে। কিন্তু এখনো তারা কাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবে, তা আমরা কিংবা জাতি জানতে পারি নাই। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে, তাদের মধ্যে প্রার্থী বাছাই নিয়ে কী ধরনের সংকট চলছে।’
তিনি বিএনপির প্রার্থী নির্ধারণের ধীরগতিকে দলের ‘দৈন্যতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যোগ্য প্রার্থী নিশ্চিত করতে না পারার এমন জায়গা থেকেও আমরা আশা রাখতে পারি, কর্নেল (অব.) অলি আহমদ সাহেব একজন যোগ্য প্রার্থী হিসেবে জাতির সামনে উঠে এসেছেন।’
সচিবালয়ে রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, ‘সচিবালয় একটি সরকারের নির্বাহী প্রশাসনিক এলাকা। সেখানে কোনো রাজনৈতিক দলের শীর্ষ ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে—অতীতে এমন কোনো রেকর্ড আমাদের জানা নেই। তারা যদি এ ধরনের কাজ করে, তবে তারা গণতন্ত্রকে কীভাবে দেখে? নিজেদের সুবিধা অনুযায়ী গণতন্ত্র চললে ঠিক আছে, না হলে স্বৈরতন্ত্র, বিষয়টি কি এমন?’
বিগত কয়েক মাসের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর পর্যালোচনায় সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গত কয়েক মাসের কার্যক্রমে অতীত ধারা থেকে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, যা বিএনপির মহাসচিব নিজেই প্রকাশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বক্তব্য দিয়েছেন, তাতে জাতি বুঝে গেছে তারা বস্তুত কোনো পরিবর্তন চায় না।’
মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক উল্লেখ করেন, ‘অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপি নেতা আবদুল্লাহ আল আমীন।’
কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী দাবি করে তিনি আরও বলেন, ‘সংসদ সদস্যরা যদি সংবিধানের বাধ্যবাধকতামুক্ত হয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন, তবে জামায়াত সমর্থিত জোটের প্রার্থীই বিপুল ভোটে জয়ী হতেন।’
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক করার অভিযোগ, জামায়াতের সমালোচনা
সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ১৮:০৯
১৩ আগস্ট ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ১৮:০৯