Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৮:১১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ২১:১৮

বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন যে, এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন। যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামেও তিনি নেতৃত্ব দিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি আজ যে অর্জন করেছে, একটি গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক দল হিসেবে দীর্ঘ সংগ্রাম-লড়াই করে যে সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘদিন সংগ্রাম-লড়াই, নিজের প্রশ্নে আপস না করা, দলকে ধারণ করা এবং নেতাকর্মীদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া দলকে শক্তিশালী করেছেন। এই মহান নেত্রী আজ আমাদের মাঝে নেই। তার অনুপ্রেরণা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়।’

তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা সবাই শপথ নেব যে, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই, যে দল সত্যিকার অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি সরকার গঠন করায় দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা, খালেদা জিয়ার নীতি ও তার দেওয়া ভিশন-২০৩০ এবং পরবর্তীকালে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সরকার কাজ করবে।’ একই সঙ্গে দলকে আরও শক্তিশালী করে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার কথাও বলেন তিনি।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক ও আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর