Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শুভেন্দুর বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই: এমপি সরোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৮

জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে সংসদ সদস্য সরোয়ার আলমগীর

চট্টগ্রাম: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ নিয়ে মাথা না ঘামিয়ে নিজের দেশের বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

এসময় শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে সরোয়ার আলমগীর বলেন, ‘আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামান। বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনার দেশে গত এক মাসে মুসলিম পাড়ায় পানি পাওয়া যায়নি, অথচ এ দেশে হিন্দু এলাকায় এক সেকেন্ডের জন্যও পানির অভাব হয়নি।‘

তিনি বলেন, ‘শুভেন্দু চান এ দেশে উসকানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিতে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, যারা এ দেশে বাস করি, সবাই ঐক্যবদ্ধ আছি।’

সরোয়ার আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি।‘ অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘পাহাড়ি-সমতল কিংবা মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়েই দেশ গড়তে হবে। যেকোনো ধরনের গুজব ও উসকানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান, মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন,
রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, সুজিত চক্রবর্তী, রোপণ ভোমিক, মিন্টু নাথ ও সাগর দে-সহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশ নেন।

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

আরো

সম্পর্কিত খবর