Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৯

সিলেটের কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইমজা’র নেতাদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

সিলেট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত হয়নি। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘ইমজা’র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনেস্তার শিকার হন টেলিভিশন সাংবাদিকরা। এর পরিপ্রেক্ষিতে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক বজায় রাখা হবে। এ লক্ষ্য অর্জনে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে।’

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দু’বার বৈঠক করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতকে আমাদের জাতীয় স্বার্থের বিষয়টি বুঝতে হবে।’ তারা বুঝতে শুরু করেছে বলেও জানান তিনি।

সৌজন্য সাক্ষাৎ শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়। তবে বর্তমান প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।’

প্রতিমন্ত্রী জানান, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এই চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।

তিনি আরও উল্লেখ করেন, বোয়িং বিমান কিনতে হবে- এমন কোনো চাপ কেউ দিচ্ছে না কেউ। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর