Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুইলচেয়ার থেকে উঠে হেঁটেই বাসায় ঢুকলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৬ মে ২০২৫ ১৮:০৮

হুইলচেয়ার থেকে উঠে হেঁটে বাসায় ঢুকলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ চার মাস চিকিৎসার পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দেশে ফিরে হুইল চেয়ার থেকে নেমে হেঁটেই বাসায় ঢুকলেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়াকে এর আগে জনসম্মুখে প্রায়শই হুইলচেয়ারে দেখা গেলেও এদিন তাকে গাড়ি থেকে নেমে সহকারীদের সহায়তায় হেঁটে বাসায় প্রবেশ করতে দেখা গেছে। এটাকে তার স্বাস্থ্যের উন্নতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে কাতার একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বড়পুত্র তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান এবং চিকিৎসকসহ একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বেলা সোয়া ১১টার দিকে বিমানবন্দর থেকে রওনা দিয়ে প্রায় দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের নিজ বাসা ‘ফিরোজা’য় পৌঁছান খালেদা জিয়া। এ সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন খালেদা, পেছনের সিটে ছিলেন তার দুই পুত্রবধূ।

খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী সকাল থেকেই প্রায় ১০ কিলোমিটারজুড়ে রাস্তার দু’পাশে ভিড় করেন। তারা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং গাড়িবহরের সঙ্গে থাকেন।

সারাবাংলা/জিএস/পিটিএম