Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সংস্কার অভিযাত্রায় এডিবি’র সহায়তার আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৫:৩৮

বৃহস্পতিবার মিলানে এক দ্বি-পাক্ষিক বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং এডিবি’র সভাপতি মাসাতো কান্দা – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সংস্কার অভিযাত্রায় দৃঢ় সহায়তার আশ্বাস দিয়েছে দাতাসংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (৮ মে) মিলানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বি-পাক্ষিক বৈঠকে এডিবি’র সভাপতি মাসাতো কান্দা এমন আশ্বাস দেন। সংস্থার ৫৮তম বার্ষিক সভার অংশ হিসেবে চারদিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণকে সামনে রেখে উন্নয়ন সহযোগিতা, নীতিগত সংস্কার এবং জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এডিবি’র অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এডিবি’র সহায়তা বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশে এডিবির মোট পোর্টফোলিও বর্তমানে ৩২.৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে ২.৯৪ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত – যা উভয় পক্ষের দৃঢ় সহযোগিতার প্রতিফলন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখতে এডিবির বর্ধিত রেয়াতি সহায়তা শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা, কার্যকর জলবায়ু ঝুঁকি মোকাবেলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য এক ধরনের কৌশলগত বিনিয়োগ।

বৃহস্পতিবার মিলানে এডিবি’র সঙ্গে বাংলাশের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় – ছবি: সংগৃহীত

বাংলাদেশ এলডিসি মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় এডিবি’র সহায়তা যেন দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়- এ বিষয়ে গুরুত্বারোপ করে অর্থ উপদেষ্টা বলেন, এই রূপান্তরের মুহূর্তটি একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও সংস্কার ভিত্তিক সরকারের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের সাথেও চিহ্নিত।

এ প্রেক্ষাপটে শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে বাংলাদেশের সাহসী সংস্কার কর্মসূচিতে এডিবির সমর্থন এবং কৌশলগত কিছু ক্ষেত্রে এডিবির সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে- সমন্বিত নদী ব্যবস্থাপনা, কর প্রশাসনের আধুনিকায়ন এবং ভবিষ্যতের জন্য উপযোগী শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ।

এছাড়া টেকসই নগর উন্নয়নে তথা স্মার্ট ও জলবায়ু সহনশীল শহর, উন্নত পৌর সেবা ও আঞ্চলিক নগর অবকাঠামো এবং জ্বালানি খাতে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণেও এডিবির সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে এডিবি’র প্রেসিডেন্ট মাসাতো কান্দা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করে বলেন, শুরু থেকেই এডিবি বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। বাংলাদেশের জন্য এডিবি’র প্রতিশ্রুতি অটুট থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এবারের বার্ষিক সভায় বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস প্রদান করে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এডিবি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় পাশে থাকবে।

সারাবাংলা/আরএস