নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) আহমেদ পেয়ার। এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন. এম. নাসির উদ্দীনের তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মোট ২০টি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে চারজন মাদকব্যবসায়ী এবং নয়জন মাদকসেবী।
পুলিশ কর্মকর্তা আহমেদ পেয়ার বলেন, ‘অভিযানে সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন, সেনবাগ থানায় চারজন, চরজব্বর থানা এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজন এবং কবিরহাট থানায় একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’