Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রবীন্দ্র চর্চা সবসময়ের জন্যই প্রাসঙ্গিক: ঢাবি উপাচার্য

ঢাবি করেস্পন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ৮ মে ২০২৫ ১৯:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, রবীন্দ্র চর্চা সবসময়ের জন্যই প্রাসঙ্গিক।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘রবীন্দ্র চর্চা সবসময়ের জন্যই প্রাসঙ্গিক। বিশ্বকবির চিন্তাভাবনা, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে আমরা যত আলোচনা করব, তার প্রাসঙ্গিকতা ততই উজ্জ্বল হবে। এ ধরনের আলোচনার মাধ্যমে নতুন প্রজন্ম রবীন্দ্রনাথের জীবন-দর্শন, চিন্তা-ভাবনা ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবে।’

বিজ্ঞাপন

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকিন) মূল প্রবন্ধে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা তুলে ধরে বলেন, ‘জন্মসূত্রে তিনি কলকাতার মানুষ। পৈতৃক জমিদারি পরিচালনার লক্ষ্যে তিনি বাংলাদেশে আসেন। পরে এদেশের মানুষের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ওই সময় তার কলকাতাকেন্দ্রিক সাহিত্যকর্ম ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। এদেশের মানুষ ও প্রকৃতির সঙ্গে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ভিত্তিতে তিনি অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেন। ছোট গল্পসহ বিভিন্ন কাব্যগ্রন্থে এর প্রমাণ পাওয়া যায়।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

সিরাজ সালেকিন অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। এ ছাড়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান আলোচনায় অংশ নেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

আলোচনা পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো