Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৮:২২ | আপডেট: ৮ মে ২০২৫ ১৯:৫০

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের প্লট-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব ও দু’টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। এদিন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

জব্দের আদেশ পাওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরি পাড়ায় ৫ দশমিক ৫৭ কাঠা প্লটের ওপর ৩৪০০ বর্গফুটের চারতলা ভবন, একই এলাকায় ৫ দশমিক ৭৬ শতক জায়গার আলাদা দলিলের দুটি প্লট ও দুই ইউনিটের পুরোনো ভবন, একই এলাকায় ১ দশমিক ৩৪ শতক জমি, পল্লবী এলাকায় ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়া ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকা রয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন তাহমিনা। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন। নিজ নামীয় ও তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং আইনে মামলা করা হয়।

সারাবাংলা/আরএম/পিটিএম