Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেসিসি নির্বাচনের ফল বাতিলের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২০:৪৪

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা।

খুলনা: খুলনা সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় খুলনা যুগ্ম-জেলা জজ ১ম বিচারক মো: খোরশেদ আলমের আদালত ও নির্বাচনি ট্রাইবুনালে গত ১২ জুন ২০২৩ এ অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়ালকে বিজয়ী দেখানোর আরজি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বাদী হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ২০২৩ সালের ১২ জুন হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় এবং বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধোর করে বের করে দেয়া হয়। সারাদিন আতংক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৬০ হাজার ৬৪ ভোট দেখিয়ে ২য় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো।

বিজ্ঞাপন

জনতার সঙ্গে কৃত এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধির বিধানের অধিনে আব্দুল খালেকের ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আরজি জানানো হয়। আদালত আগামী ২৮ মে শুনানির দিন ধার্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, প্রচার ও দওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, মো: ফেরদৌস গাজী সুমন, মোহাম্মদ সরোয়ার হোসেন বন্দ, মোহাম্মদ বাদশা খান, নুরুজ্জামান বাবুল, মো: মমিনুল ইসলাম নাসিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, মেহেদী হাসান সৈকত, মাওলানা নাসিম উদ্দিন, মো: সজিব, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগর সভাপতি মো: আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, আমিনুর ইসলামসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো