Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একই পরিবারের ৫ জন দগ্ধ, মৃত্যু বেড়ে ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২২:৩৯ | আপডেট: ২৪ মে ২০২৫ ১০:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মিথিলা আক্তার (৭) নামে আরও এক শিশু মারা গেছেন।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মারা যায় মিথিলার বাবা তোফাজ্জল (৩২), মা মানসুরা(২৮) ও তার ৪ বছর বয়সী বোন তানজিলা আক্তার।

মৃত তোফাজ্জল পেশায় একজন দিনমজুর ছিল। ৪ মেয়ের বাবা ছিলেন তিনি। ঘটনাটিতে স্বামী-স্ত্রীসহ তার ছোট ৩ মেয়েই দগ্ধ হয়েছিল। শশুর বাড়িতে থাকায় আগুনের হাত থেকে বেঁচে গেছেন বড় মেয়ে। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মিথিলার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইসঙ্গে শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল তাকে। সেখানেই রাতে মারা গেছে শিশুটি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে মিথিলার বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। তার সবার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরে দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিন তলা বাসার নিচ তলায় এক বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ হন মানসুরা আক্তার, স্বামী তোফাজ্জল হোসেন, তিন মেয়ে তানিশা, মিথিলা ও তানজিলা।

মিথিলার দুলাভাই মো. রিপন জানান, ওই বাসাটির পাশে একটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে খুঁড়াখুঁড়ি কাজের সময় গ্যাস লাইনের লিকেজ হয়। সেখান থেকে গ্যাস বের হতে থাকে। ঘটনার সেদিন সকালে বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়। তবে তিনি কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে সেদিন রাতে যখন বাসায় মশার কয়েল জ্বালাচ্ছিলেন, তখনই বিস্ফোরণ হয়।

সারাবাংলা/এসএসআর/এইচআই