Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদত্যাগ সংকটের সমাধান নয়: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ০০:০৩

দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ঢাকা: সরকার প্রধানসহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয় বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই ক্রমান্বয়ে সংকট ঘনীভূত হয়ে উঠছে। তাই পদত্যাগ না করে বরং যেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে, সেসব ইস্যু থেকে বেরিয়ে আসতে হবে। সরকারকে তাদের দলনিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে।’

সভায় সাইফুল হক বলেন, ‘নানা বিতর্কিত বিষয়ে ঝুঁকে পড়ে সরকার অন্যায্যভাবে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। রাজনৈতিক দলগুলোকে অপ্রয়োজনীয় প্রতিপক্ষ বানানো বন্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে পড়েছে অনতিবিলম্বে তাদের অব্যাহতি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে অঙ্গীকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।’

সভায় আরও বক্তৃতা দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদুল হাসান পিপলু, শাহজাহান সিকদার, মাসুদূর রহমান মাসুদ, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম জসিম ও ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক জুঁই চাকমা, আবু লাহাব লাইসুদ্দিন, বাবর চৌধুরী, ফায়েজুর রহমান মনির, আইয়ুব আলী ও মোহাম্মদ হানিফ প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই