Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেষ হলো রাকসুর মনোনয়ন বিতরণ, প্রার্থী ১২৩৩

রাবি করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মোট ১ হাজার ২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ৩৯৫ জন প্রার্থী, সিনেটের ৫টি পদে ৮৪ জন এবং হল সংসদের ১৫টি পদে ৭৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ভিপি (সহ-সভাপতি) পদে ১৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এ ছাড়া সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৮ জন এবং সহকারী সম্পাদক পদে ৪ জন; সম্পাদক, সংস্কৃতিবিষয়ক পদে ৫ জন ও সহকারী সম্পাদক পদে ৭ জন; সম্পাদক, মহিলাবিষয়ক পদে ৫ জন ও সহকারী সম্পাদক পদে ৪ জন; সম্পাদক, তথ্য ও গবেষণা পদে ৯ জন ও সহকারী সম্পাদক পদে ৫ জন; সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা পদে ৭ জন ও সহকারী সম্পাদক পদে ৪ জন; সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি পদে ৩ জন ও সহকারী সম্পাদক পদে ৬ জন; সম্পাদক, বিতর্ক ও সাহিত্যবিষয়ক পদে ৩ জন ও সহকারী সম্পাদক পদে ৮ জন; সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ পদে ১৩ জন ও সহকারী সম্পাদক পদে ১১ জন মনোনয়ন নিয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্যের চারটি পদে মোট ৫১ জন প্রার্থী মনোনয়ন তুলেছেন।

বিজ্ঞাপন

বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থী সংগঠনের প্যানেল থেকেও প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ছাত্রদল ২৬ জন, ছাত্রশিবির ২১ জন, গণ ছাত্রজোট ২৩ জন, আফরিন জাহান প্যানেল ২৩ জন, সচেতন শিক্ষার্থী পরিষদ ১৫ জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত ১৩ জন, তৌহিদুল ইসলাম ৭ জন, নাজমুস সাকিব ৬ জন এবং পদ উল্লেখ ছাড়া আরও ৯ জনসহ মোট ২১৪ জন প্রার্থী প্যানেল থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।

হল সংসদের ১৫টি পদে মোট ৭৫৪ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলে ৫০ জন, শাহ্ মখদুম হলে ৫০ জন, নবাব আব্দুল লতিফ হলে ৩৬ জন, সৈয়দ আমীর আলী হলে ৪৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ৪৬ জন, মন্নুজান হলে ৪০ জন, শহীদ হবিবুর রহমান হলে ৫৩ জন, মতিহার হলে ৫৫ জন, মাদার বখশ হলে ৫০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২ জন, রোকেয়া হলে ৩০ জন, তাপসী রাবেয়া হলে ৩৮ জন, বেগম খালেদা জিয়া হলে ২৫ জন, শহীদ জিয়াউর রহমান হলে ৫৪ জন, বিজয়-২৪ হলে ৩৫ জন, রহমতুন্নেসা হলে ৪২ জন এবং জুলাই-৩৬ হলে ৪২ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।

একইদিন প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহের শেষ দিন থাকলেও তা একদিন বাড়ানো হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান মাহরুফা সিদ্দিকা লিপি জানান, ‘আজ প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।’

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়নের কার্যক্রম আজ শেষ হলো। মনোনয়ন বিতরণের সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে যারা আজ প্রার্থী হলেন তারা কালকেও ডোপ টেস্ট করতে পারবেন। পরেরদিন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর