Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৩

রাকসু নির্বাচন। ছবি কোলাজ: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়েছে। এ নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠাতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।

বিজ্ঞাপন

তারিখ পেছানোর কারণ উল্লেখ করে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে এবং নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

আরও বলা হয়েছে, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।

এ বিষয়ে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, ‘আমরা সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সেদিন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর