Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরাপদ সড়কের দাবিতে সুনামগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নিরাপদ সড়ক ও নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সুনামগঞ্জ-সিলেট সড়কে উদ্বেগজনক হারে দুর্ঘটনা ও প্রাণহানি বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শরিফা আশরাফী, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, ও লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম।

আরও বক্তব্য দেন- শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও আইনজীবী এ আর জুয়েল, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, সাংস্কৃতিকর্মী আবদুল হালিম ও মহিলা পরিষদের নেত্রী তৃণা দে প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। একই সড়কের কাছাকাছি স্থানে চলতি সেপ্টেম্বর মাসেই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী, জেলা প্রশাসনের দুই কর্মীসহ মোট আটজনের প্রাণহানি ঘটেছে।

বক্তারা উল্লেখ করেন, সড়কের বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক, এবং হালকা যানবাহন (যেমন: অটোরিকশা ও ইজিবাইক) চলাচলের কারণেই দুর্ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য বলেন, ‘আমরা প্রতিদিন কাঁদছি। একেকটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। এসব মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে না। আইনের কঠোর প্রয়োগ দরকার। আমরা কেউই আর নিরাপদ নই।’

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জ পৌর শহরেও যানবাহনের নিয়ন্ত্রণ প্রয়োজন। অতিরিক্ত যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানজটে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর