Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্রীলেখাকে নিরাপত্তা দেওয়া হবে না বলে হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৬:১৮

অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

ঝামেলার শুরু ১৯ অক্টোবর থেকে। সেদিন শ্রীলেখা মিত্র দেখতে পান কালীপুজার আগের দিন বহুতল এপার্টমেন্টের নির্দিষ্ট একটি জায়গায় বাজি বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান অভিনেত্রী। পুলিশে খবর দেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ এসেওছিল। কিন্তু তার পর থেকেই সমস্যার সূত্রপাত। সেই জল গড়ায় বহুদূর। নিজের ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য ধার্য খরচ দেওয়া সত্ত্বেও তাকে কোনো ধরনের নিরাপত্তা এবং সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলে হুমকি দেয়া হয় অভিনেত্রীকে।

প্রতিদিন সকালে এপার্টমেন্টের প্রতিটি ফ্লাট থেকে আবর্জনা নিয়ে যান সাফাইকর্মী। কিন্তু বেশ কিছু দিন ধরে শ্রীলেখার ঘরের আবর্জনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। এমনকি ফ্লাটের আরও একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে আবর্জনা রাখা হয়। সেখানে অভিনেত্রীর ঘরের ময়লা রেখে আসা হলেও তা নিয়ে যাওয়া হয়নি। উলটো অভিনেত্রী দেখেন তার ফ্ল্যাটের সামনেই রাখা হয়েছে আবর্জনা। তারপরই শ্রীলেখা সিদ্ধান্ত নেন নিজের ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানোর। প্রতিবেশীরা এতে আপত্তিও জানাননি।

বিজ্ঞাপন

শ্রীলেখা বলেন, ‘সিসিটিভি লাগিয়েছি বলে ফ্যাসিলিটি ম্যানেজার বলেছেন, আমাকে আর কোনো নিরাপত্তা দেওয়া হবে না। বাজি বিক্রি নিয়ে প্রতিবাদ করায় সেদিনও তিনি হুমকি দিয়েছিলেন। কোথা থেকে এতো সাহস পান উনি? সব জানা আছে আমার।’

এই পরিস্থিতিতে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তিনি যোগ করেন, ‘আমি পুলিশ, কর্পোরেশনসহ নানা জায়গায় জানিয়েছি। আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা করছি। আমি শিল্পী মানুষ। এরকম অশান্তি করার কোনো ইচ্ছা নেই। এর ফলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। একজন নারী একা থাকে বলে হেনস্থা করা সহজ, তাই না?’

শ্রীলেখার মেয়ে পড়াশোনার জন্য শহরের বাইরে। টালিগঞ্জের ফ্লাটে অভিনেত্রী তার পোষ্যদের নিয়ে একা থাকেন। তাই নিজের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত তিনি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর