Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলা বন্দরে আসলো গম, খালাস কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৭:৪৪

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি উইকোটাটি। ছবি: সারাবাংলা

বাগেরহাট: যুক্তরাষ্ট্র থেকে সরকারের আমদানিকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি উইকোটাটি। শনিবার (১৫ নভেম্বর) ভোরে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। এরপর গমের গুণগতমানের পরীক্ষানিরীক্ষা শেষে রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে গম খালাসের কাজ শুরু হয়েছে।

খাদ্য অধিদফতরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে আসা জাহাজ এমভি উইকোটাটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়ে। ওই জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষানিরীক্ষায় গুণগতমান ঠিক থাকায় গম খালাসের কাজ শুরু হয়। রোববার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে। ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্টিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকী গম যাবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ। এর গভীরতা বেশি তাই জাহাজে গমও বেশি। তাই ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১-এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে উইকোটাটি জাহাজটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে আসে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্টিক টন গম ও ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে। ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর