Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৫ ২১:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০০:২৮

বিধ্বস্ত হওয়ার মুহূর্তে যুদ্ধবিমান তেজস। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে কসরত প্রদর্শনের সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

ভারতীয় বিমানবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, উড্ডয়ন কসরতের সময় তেজস বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং মাটিতে আছড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়। বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি প্রচণ্ড গতিতে এগিয়ে এসে হঠাৎ নিচের দিকে নেমে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) নির্মিত এক আসনের হালকা মাল্টি-রোল কমব্যাট বিমান তেজস। এটি ৪.৫-প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা ও নিকটবর্তী যুদ্ধ অভিযানে ব্যবহৃত হয়। আকারে ছোট ও হালকা হওয়ায় এটি বিশ্বের অন্যতম দক্ষ লাইট কমব্যাট জেট হিসেবে বিবেচিত।

এর আগে, ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে প্রথমবারের মতো একটি তেজস বিমান দুর্ঘটনায় পড়ে। ২০০১ সালে প্রথম উড্ডয়ন থেকে শুরু করে ২৩ বছরের ইতিহাসে সেটিই ছিল প্রথম দুর্ঘটনা, যেখানে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর