Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮

ডলার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আবারও বৈদেশিক মুদ্রা কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে, যার কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়াল ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয় বেড়ে ৪৮৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন

ডলার বাজারে সরবরাহ বাড়ানো এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখার কৌশলের অংশ হিসেবেই এই ডলার ক্রয় অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে রফতানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহ তুলনামূলক ভালো থাকায় ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত ডলার শোষণ করে বাজারে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক ডলার ক্রয়ের ফলে একদিকে যেমন বাজারে ডলারের অতিরিক্ত চাপ কমছে, অন্যদিকে টাকার বিনিময় হার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায়ও একটি ইতিবাচক বার্তা দিচ্ছে এই উদ্যোগ।

তবে ব্যাংকারদের একটি অংশ বলছে, আমদানি ব্যয়, ঋণ পরিশোধ ও বৈদেশিক দায়ের চাপের কারণে ডলার বাজারে সতর্ক নজরদারি অব্যাহত রাখা জরুরি। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত হস্তক্ষেপ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর