Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০০

মরদেহ। প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ছৈয়দ আজিম (৩৬) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ছৈয়দ আজিম উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৮ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বসতঘর (শেল্টার) মেরামতের জন্য ছৈয়দ আজিম পার্শ্ববর্তী পাহাড় থেকে মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে তিনি মাটির নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন আরটিএম ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় বর্ষা কিংবা শুকনো মৌসুমেও পাহাড় কাটার সময় ঝুঁকি তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, শেল্টার মেরামত বা সম্প্রসারণের জন্য অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা বন্ধ না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, পাহাড় ধসে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর