Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের পর পুঁজিবাজারে বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৭

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিন বন্ধ থাকার পর দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। বহুল প্রত্যাশিত নির্বাচনের পর রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজারের সূচক একশ পয়েন্ট বেড়ে যায়। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) লেনদেন ১২শ’ কোটি ছাড়িয়ে যায়।

বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের দরপতন ও স্থবিরতার পর বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তারা বলছেন, অতীতে টানা দরপতনের কারণে অনেকেই বড় অঙ্কের লোকসানে পড়েন এবং বাজার থেকে সরে দাঁড়ান। নতুন সরকারের প্রতি আস্থার প্রেক্ষাপটে বাজারে আংশিক হলেও আস্থা ফিরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারাবাহিকতা বজায় থাকলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ধীরে ধীরে লোকসান কাটিয়ে উঠতে পারবেন—এমন প্রত্যাশাও তাদের।

বিজ্ঞাপন

রোববার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২০০ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্টে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সূচক ছিল ৫ হাজার ৬২৭ দশমিক ৫৯ পয়েন্টে।

অন্যান্য সূচকের মধ্যেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ডিএসইএস সূচক ৩০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্টে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৮৬ দশমিক ১৮ পয়েন্ট অগ্রসর হয়ে অবস্থান করছে ২ হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে।

অধিকাংশ কোম্পানির দর বৃদ্ধি

ডিএসই-তে এদিন মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৬৪টির শেয়ার দর বেড়েছে, ২৬টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ বাজারজুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল স্পষ্ট।

লেনদেনের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। ডিএসই-তে প্রায় ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা। আর গত ১০ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল প্রায় ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৪৮৪ কোটি ৯৪ লাখ টাকা।

সিএসই-তেও ইতিবাচক ধারা

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও একই চিত্র দেখা গেছে। এদিন সেখানে ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৯ কোটি ৪০ লাখ টাকা।

সিএসই-তে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২২০টির দর বেড়েছে, ১৭টির কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১৮ দশমিক ৮০ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ২৪১ দশমিক ৫৫ পয়েন্ট।

সব মিলিয়ে নির্বাচনের পর প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারেই সূচক ও লেনদেনে জোরালো উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। বাজারে এ ধারা অব্যাহত থাকবে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর