Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৯ দিনে রেমিট্যান্স এসেছে আড়াই বিলিয়ন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৯:২৩ | আপডেট: ২১ মে ২০২৬ ০৮:১০

ঢাকা: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো অর্থে বড় উল্লম্ফন দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি মাসের ১ থেকে ১৯ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৬৯ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার।

বিজ্ঞাপন

ব্যাংক কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে মে মাস শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহও বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। অতিরিক্ত ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে বাংলাদেশ ব্যাংক।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৭ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর