Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বজ্রপাত নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১২:০৪ | আপডেট: ২৫ মে ২০২৬ ১৩:৩৫

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় সোমবার (২৫ মে) সকালে তীব্র বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি বলেন, সম্ভাব্য বজ্রপাতের আঘাত থেকে জীবন বাঁচাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষকদের নিরাপদ আশ্রয়ে থাকা উচিত। সকাল ৭টার পর থেকে ৯টা পর্যন্ত রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সকাল ৭টার পর থেকে ১০টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই ঝুঁকি থাকবে।

বিজ্ঞাপন

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং ও পাইপ স্পর্শ করা যাবে না এবং প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, খোলাস্থানে অনেকে একসঙ্গে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যেতে হবে এবং খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, বরং গাছ থেকে অন্তত ৪ মিটার দূরে থাকতে হবে।

আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ছেঁড়া বৈদ্যুতিক তার ও খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করা যাবে না। কোনো বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে সবাইকে এককক্ষে না থেকে আলাদা কক্ষে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে এবং গাড়ির মধ্যে থাকলে ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকা যাবে না, বরং জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করতে হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর