Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণমাধ্যমে হস্তক্ষেপ মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৬:০১ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন – ছবি : সংগৃহীত

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যেকোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবিলায় বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে। গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

সোমবার (১ জুন) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যমকর্মীদের ওপর নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের হামলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমি ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। তবে এটি স্পষ্ট যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমের প্রধান কাজই হচ্ছে সমাজের সব ক্ষেত্রকে জনগণের সামনে স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) করে তুলে ধরা। আর এই অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

বিজ্ঞাপন

বিশেষ করে টেলিভিশন ও লাইভ মিডিয়ার পেশাদারিত্বের প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, টেলিভিশন সাংবাদিকতায় তথ্য বিকৃত করার সুযোগ থাকে না, কারণ তারা সরাসরি বা লাইভ সম্প্রচার করছেন। লাইভ মিডিয়া যত বেশি বাড়বে এবং স্বচ্ছ থাকবে, সমাজের জন্য ততই মঙ্গল। আমাদের প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে সেই আলোকেই বিচার ও মূল্যায়ন করব।

মন্ত্রী বলেন, সম্প্রতি মূলধারার সংবাদমাধ্যমের সম্পাদক, মালিকপক্ষ ও সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন যে, তারা বর্তমানে কোনো প্রকার সরকারি নিয়ন্ত্রণ বা চাপ ছাড়াই স্বাধীনভাবে তাদের পেশা চর্চা করছেন।

জ্বালানী তেলের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যরা সংকটকালীন সময়ে বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। আমদানি নির্ভর হওয়াতে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দাম বাড়াতে হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর