Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / প্যারাগুয়েকে গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
১৩ জুন ২০২৬ ০৯:২৮ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:১৮

গ্রুপ ডি এর প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় পরাজয়ের স্বাদ পেল প্যারাগুয়ে। ফোলারিন বালোগানের জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করল মাউরিসিও পচেত্তিনোর দল।

লস অ্যাঞ্জেলেসে ম্যাচের পুরোটা সময়ই ছিল যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য। তাদের মুহুরমুহু আক্রমণে প্যারাগুয়ের রক্ষণ ছিল দিশেহারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। ফলও আসে দ্রুতই। ৭ম মিনিটে প্যারাগুয়ের বোবাদিয়ার আত্মঘাতী গোলে লিড নেয় যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের আক্রমণে এলোমেলো হয়ে যায় ১৬ বছর পর বিশ্বকাপে খেলতে আসা প্যারাগুয়ের ডিফেন্স।

বিজ্ঞাপন

৩১ মিনিটে লিড দ্বিগুণ করেন বালোগান। ক্রিশ্চিয়ান পুলিসিচের পাসে বল পেয়ে দারুণ এক শটে কিপারকে বোকা বানান তিনি।

হাফ টাইমের ঠিক আগে যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বালোগান। টিলম্যানের অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড।

৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। তবে স্রোতের বিপরীতে ম্যাচে ব্যবধান কমায় প্যারাগুয়ে।

৭৩ মিনিটে গোল পান মাউরিসিও। এনসিসোর বাড়ানো বলে তার গোলে কিছুটা আশার আলো দেখতে পেয়েছিল প্যারাগুয়ে।

তবে ম্যাচে আর ফেরা হয়নি প্যারাগুয়ের। ৯৮ মিনিটে উল্টো চতুর্থ গোল হজম করে তারা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোল করেন জিওভানি রেইনা।

৪-১ গোলের বড় জয় নিয়েই তাই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর