Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুনুল হককে নিয়ে বিএনপি’র এমপি ও স্পিকারের মন্তব্য এক্সপাঞ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৭:১৯ | আপডেট: ২১ জুন ২০২৬ ২০:২৮

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হকের ‘কথিত পরকীয়া’ নিয়ে জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য (এমপি) খোন্দকার আবু আশফাক-এর দেওয়া বক্তব্য এক্সপাঞ্চ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ সংসদে আলোচিত হোক তা চান না- নিজের এমন বক্তব্যও সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে স্পিকার নিজেই এই তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হক সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন।

বিজ্ঞাপন

সেদিন সংসদে আলোচনার এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছিলেন, মাওলানা মামুনুল হক-এর এ বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই এবং একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক- তা তিনি চান না।

এ বিষয়টির সূত্র ধরে রোববার অধিবেশনে স্পিকার সংসদের উদ্দেশে বলেন, গত বৃহস্পতিবার ঢাকা-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া নিয়ে দুই-একটি মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত। যেহেতু যার সম্পর্কে বলা হয়েছে, তার সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ নেই, তাই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। এই কারণে খোন্দকার আবু আশফাক-এর বক্তব্যটি এক্সপাঞ্চ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে তার নিজের মুখে যে কথাটি এসেছিল, সেটিও কার্যবিবরণী থেকে এক্সপাঞ্চ করা হলো।

ভবিষ্যতে বাজেট বক্তব্যসহ অন্যান্য বক্তৃতায় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড বা আত্মপক্ষ সমর্থন করা সম্ভব নয়, তার উদ্দেশে যেন কোনো ধরনের বিরূপ মন্তব্য করা না হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর