Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৬ ০৯:১৭ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১৩:৪৪

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৫ জুন) কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫, যা গত এক শতাব্দীতে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। রাজধানী কারাকাসের উত্তরের লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলে দেশটির অন্যতম প্রধান সমুদ্রবন্দর ও প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।

বিজ্ঞাপন

দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, এখনো অন্তত ১৭২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। শুধু লা গুয়াইরাতেই ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, জীবিত উদ্ধার হওয়া মানুষদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আশার বার্তা দিচ্ছে।

সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ২১৪টি আফটারশক অনুভূত হয়েছে। শত শত ভবন, হাসপাতাল ও শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। এছাড়া এক হাজারের বেশি অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ শুরুর দিকে ব্যাহত হয়। অনেক জায়গায় উদ্ধারকর্মীরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।

এদিকে আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ উদ্ধারকারী দল পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ১৫০ মিলিয়ন ডলার মানবিক সহায়তার পাশাপাশি যুদ্ধজাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর