Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর সংশোধনে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৬:৩৮

ঢাকা: টানা উত্থানের মাধ্যমে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ জুলাই) দেশের পুঁজিবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যয়, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ তিনটি সূচকের মধ্যে দুটি সূচক কমেছে এবং একটি সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন কমার পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরও হ্রাস পেয়েছে।

বাজার-সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশের পুঁজিবাজারে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
তাদের অভিমত, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের সময় বাজারে যে ধরনের ঊর্ধ্বগতি দেখা যেত, তার পরপরই আরও বড় ধরনের পতন ঘটত। সে সময়ে বাজারের ধারাবাহিক পতন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল এবং পুঁজিবাজার কার্যত ‘লাইফ সাপোর্টে’ চলে গিয়েছিল। দীর্ঘমেয়াদি দরপতনের কারণে অসংখ্য বিনিয়োগকারীর লোকসান বাড়তে থাকে, অনেকেই মূলধন হারিয়ে বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য হন।

বিজ্ঞাপন

তবে বর্তমান পরিস্থিতিতে বাজার সেই অবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে স্থিতিশীলতার পথে এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এখন বাজারে যে পরিমাণ দরপতন হচ্ছে, পরবর্তী সময়ে তার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি উত্থান দেখা যাচ্ছে। এ কারণেই সাম্প্রতিক সময়ে সূচক ও লেনদেন উভয়ই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

তাদের প্রত্যাশা, বৃহস্পতিবার সূচকে পতন এলেও আগামী দিনে বাজার আরও উচ্চতায় পৌঁছাতে পারে। তবে যে কোনো পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা, যাতে বিনিয়োগকৃত মূলধন সুরক্ষিত থাকে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ৯২ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ দশমিক ০১ পয়েন্টে।

এদিন ডিএসই-তে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের দিক থেকে বৃহস্পতিবার ডিএসই-তে মোট ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকা। ফলে এক কার্যদিবনের ব্যবধানে লেনদেন ১৩৪ কোটি ১১ লাখ টাকা কমেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ এদিন ৬০ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ১৩ লাখ টাকা।

সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে, সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪২ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০৭ দশমিক ৭৭ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কার্যদিবসে সূচকটি ৯৮ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর