Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে খামেনির রাষ্ট্রীয় দাফন প্রক্রিয়া শুরু, বিশ্বনেতাদের শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই ২০২৬ ১৫:০০ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১৭:৫৫

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক, জানাজা ও দাফন প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। তার সঙ্গে হামলায় নিহত পরিবারের কয়েক সদস্যের মরদেহও প্রদর্শন করা হচ্ছে। শনিবার (৪ জুলাই) তেহরানে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিত্বরা শ্রদ্ধা নিবেদন করছেন। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

খামেনির দাফন প্রক্রিয়ায় যোগ দিতে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা ইরানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানের পর শুক্রবার থেকে সর্বজনীন শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে নিহতদের পরিবারের সদস্য এবং নেতার কার্যালয়ের কর্মীদের স্বজনরা তাকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। একই সঙ্গে সর্বস্তরের ইরানিদের সাবেক সর্বোচ্চ নেতার দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ।

ইরানি কর্মকর্তাদের ধারণা, ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত চলা শোকানুষ্ঠানে দেশজুড়ে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। এ উপলক্ষ্যে শনিবার থেকে সোমবার (৬ জুলাই) পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের কেন্দ্রীয় এলাকায় যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং রাজধানীর আকাশসীমাও আংশিক ও পরে সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।


তেহরানের মসজিদে প্রদর্শিত কফিনগুলোর মধ্যে ছোট কফিনটি খামেনির নাতনির। ছবি: সংগৃহীত

এদিকে খামেনির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। তিনি বাবার জানাজায় উপস্থিত থাকবেন কি না, সে বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।

খামেনির জানাজাকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সাময়িক স্থগিত রয়েছে। কাতার জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা শেষকৃত্য শেষে পুনরায় শুরু হবে।

অন্যদিকে, শোকানুষ্ঠানের সময় নতুন কোনো হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। একই সময়ে মধ্যপ্রাচ্যে আরও একটি মেরিন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর