ঢাকা: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা অধিশাখার সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে।
এই কর্মসূচির অধীনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। এর পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে ও চা-শ্রমিকসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর মানুষও ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই তাঁর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। প্রতিবন্ধী ভাতার আবেদনের জন্য সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। কেউ যদি ব্যাংক হিসাবের তথ্য ব্যবহার করেন, তবে যোগাযোগের মাধ্যম হিসেবে একটি সচল মোবাইল নম্বরও ফর্মে উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, যারা এরই মধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা ভোগ করছেন, তারা এই কর্মসূচির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া যারা আগে অনলাইনে আবেদন করেছিলেন এবং বর্তমানে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
নতুন আবেদনসমূহ এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আগের আবেদনগুলো যাচাই-বাছাই করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা ১ জুলাই ২০২৬ থেকে এই ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদফতর।