ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত নিতে ৭৪ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা। রোববার (৬ সেপ্টেম্বর) ছিল আমানত উত্তোলনের জন্য আবেদনের শেষ দিন।
এদিন রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান সিকদার।
তিনি বলেন, ‘ব্যাংকটি গঠনের পর আমানত উত্তোলনের জন্য গ্রাহকদের মধ্যে শুরুতে যে আগ্রহ দেখা গিয়েছিল, তা ধীরে ধীরে কমেছে। আবেদনের শেষ দিনে এসে নতুন করে আমানত ফেরত চাওয়া গ্রাহকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।’ তার মতে, এটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।
ব্যাংক সূত্র জানায়, গ্রাহকদের করা আবেদন যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে আমানত ফেরত দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রক্রিয়া নিয়ে কাজ করছে ব্যাংক কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সোমবার থেকেই গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা তাদের হিসাবে থাকা মূল আমানত এককালীন উত্তোলন করতে পারবেন। তবে মূল আমানতের টাকা তুলে নিলে এর বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না।
আমানত ফেরত পেতে গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় আবেদন করতে হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। এরপর ওই শাখা থেকেই গ্রাহকেরা তাদের টাকা তুলতে পারবেন।
এর আগে আমানত ফেরতের আবেদনের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক ১ হাজার ৩০০ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬০০ গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকা, তৃতীয় দিনে ২১ হাজার গ্রাহক ৯২৩ কোটি টাকা এবং চতুর্থ দিনে ১৫ হাজার ৪৭৬ জন গ্রাহক ৬৫৭ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। পরে আবেদনের সংখ্যা বাড়লেও শেষ দিকে এসে নতুন আবেদনের গতি কমে যায়।
উল্লেখ্য, ব্যাংকটি পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ২০২৫ সালের ৩০ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক এই বাণিজ্যিক ব্যাংকটি গ্রাহক ও মূলধনের ভিত্তিতে দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়।