ঢাকা: বিবাহের সময় নির্ধারিত দেনমোহর আদায়ের জন্য আদালতের অনুসরণীয় পদ্ধতি ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে দেনমোহর আদায়ের বিষয়ে একটি সমন্বিত নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশ কেন দেওয়া হবে না এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, বিবাহের এক বছর পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্য নির্ধারণ, আদায়ের পদ্ধতি, নীতিমালা ও কার্যকর ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। এর মাধ্যমে বিবাহিত নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।