Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলডিসি উত্তরণে অতিরিক্ত ৩ বছর কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৯:৫৬

ঢাকা: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে পাওয়া সম্ভাব্য অতিরিক্ত তিন বছরকে দেশের রফতানি সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় নীতি সংস্কারের জন্য কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ ও রপ্তানি প্রতিযোগিতায় চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রফতানি খাতের প্রতিযোগিতা আরও কঠিন হবে। সে বাস্তবতা বিবেচনায় সরকার জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে। এই অতিরিক্ত সময় কোনো চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার জন্য নয়, বরং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দেশের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার জন্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী তিন বছরে কোন কোন খাতে সংস্কার প্রয়োজন এবং কীভাবে রফতানি সক্ষমতা বাড়ানো যাবে, সে বিষয়ে এখন থেকেই সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। রফতানির পথে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে নীতি সংস্কার বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, অর্থনীতিবিদরা গবেষণার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করবেন, আর রাজনৈতিক নেতৃত্ব সেই সুপারিশকে বাস্তবায়নের কর্মপরিকল্পনায় রূপ দেবে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে অর্থনৈতিক নীতি ও রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সম্ভাবনাকে বাস্তব সাফল্যে রূপ দিতে হলে শুধু অর্থনৈতিক চ্যালেঞ্জ চিহ্নিত করাই যথেষ্ট নয়; সেগুলো মোকাবিলায় কার্যকর রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়ন সক্ষমতাও গড়ে তুলতে হবে।

কর্মশালায় র‍্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ সঞ্চালনা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে  
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর