Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৬:৩০

ঢাকা: নারী মরদেহের পোস্টমর্টেমে দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন সব হাসপাতালে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ রিট করেন। এতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, এর আগে দেশের পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালগুলোতে অন্তত একজন করে নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদফতরে আবেদন করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারী।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি মৃত ব্যক্তির মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ প্রয়োজন। এতে মৃত নারীর সম্ভ্রম রক্ষার পাশাপাশি স্বজনদের মানসিক স্বস্তিও নিশ্চিত হবে।

এতে আরও বলা হয়, অতীতে দেশের বিভিন্ন মর্গে নারী মরদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগ সামনে এসেছে। ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমকে গ্রেফতার করা হয়। এর আগে ২০২০ সালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও একই ধরনের অভিযোগে একজন ডোমকে গ্রেফতার করা হয়েছিল।

রিটে মানবাধিকার, মৃত ব্যক্তির মর্যাদা এবং নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশের সব পোস্টমর্টেম সুবিধাসম্পন্ন হাসপাতালে নারী ডোম নিয়োগ এবং মরদেহের সম্ভ্রম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর