ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীর-এর আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত আগামী ৩ আগস্ট আদেশের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।
এদিন কারাগার থেকে মতিউর রহমানকে আদালতে আনা হলেও তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাকে আদালতের এজলাসে তোলা হয়নি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালে কোরবানির জন্য প্রায় ১৫ লাখ টাকা মূল্যের একটি ছাগল কেনাকে কেন্দ্র করে মতিউর রহমানের পরিবারের নাম আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর তার ও পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসে।
এরপর একই বছরের ৪ জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবার হিসাব এবং শেয়ারবাজারের বিও হিসাবও ক্রোক করা হয়।