ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংকের সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক এর আমানতকারীরা। যত দিন বাংলাদেশ থাকবে, ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক নয়, এটি হবে সর্বসাধারণের ব্যাংক।
বুধবার (২২ জুলাই) রাজধানীতে ইসলামী ব্যাংকের হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় আয়োজিত এক গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংক তাকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দিয়েছে।
মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার মূলধন প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা হলেও গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা। ফলে ব্যাংকটির সবচেয়ে বড় শক্তি হলো এর আমানতকারীরা। তাঁদের আস্থা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ৩০ থেকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ পেশাজীবীরা রয়েছেন। তাদের ওপর পূর্ণ আস্থা রেখে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের কাজ নীতিগত সিদ্ধান্ত দেওয়া, আর দৈনন্দিন ব্যাংক পরিচালনা করবেন পেশাদার কর্মকর্তারা।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী ব্যাংকের সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। সবাই পাশে থাকলে ব্যাংকটি খুব অল্প সময়ের মধ্যেই হারানো গৌরব ফিরে পাবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি আমানতকারীদের ব্যাংকের প্রতি আস্থা বজায় রাখা এবং নতুন আমানত বাড়াতে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসাইন খাঁন। সভাপতিত্ব করেন হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কুতুব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ।