ঢাকা: উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৬২ বছরের দীর্ঘ সংগীতজীবনে এই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একটি একক সংগীত-সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা অ্যাকাডেমির আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে রুনা লায়লার দীর্ঘ সংগীতসাধনা ও বাংলা গানের বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী।
স্বাগত বক্তব্যে শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) দেশের বন্যাদুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘোষণা করেন যে, এই আয়োজনের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বন্যার্তদের কল্যাণে অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, মানুষের ভালোবাসাই তার সংগীতজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণের গানসহ ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ এবং ‘যখন থামবে কোলাহল’ এর মতো জনপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন। এর আগে বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে একক অনুষ্ঠানের আয়োজন করলেও রুনা লায়লাকে নিয়ে এই প্রথম শিল্পকলা অ্যাকাডেমি এমন একক কনসার্টের আয়োজন করল।