নতুন মৌসুম শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। দুদিন আগেই নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছিল রিয়াল মাদ্রিদ। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও ২০২৬-২৭ মৌসুমের জন্য আকর্ষণীয় অ্যাওয়ে কিট উন্মোচন করল।
ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি এবং প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের স্মৃতিবিজড়িত কোবি ব্র্যান্ড এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে বার্সার এই নতুন জার্সি। বিশ্ব ফুটবলে বার্সেলোনার ঐতিহ্য এবং বাস্কেটবল কোর্টে কোবি ব্রায়ান্টের অপরাজেয় ‘মাম্বা মেন্টালিটি’—এই দুই ভাবধারাকে একই সুতোয় গাঁথাই ছিল এই জার্সি ডিজাইনের মূল উদ্দেশ্য।
এই অ্যাওয়ে কিটে ব্যবহার করা হয়েছে গাঢ় কালো এবং বেগুনির সংমিশ্রণ। জার্সির ওপরের অংশে গাঢ় কালো রঙ ব্যবহৃত হয়েছে, যা নিচের দিকে সুক্ষ্মভাবে বেগুনিতে রূপান্তরিত হয়। সম্পূর্ণ জার্সিজুড়ে সাপের চামড়ার একটি হালকা ও নান্দনিক টেক্সচার রয়েছে।
এই জার্সির সবচেয়ে বড় পরিবর্তন দৃশ্যমান হয়েছে লোগোর ক্ষেত্রে। নাইকির বিখ্যাত লোগোর পরিবর্তে এবার স্থান পেয়েছে কোবি ব্রায়ান্টের আইকনিক শেথ লোগো। ক্লাবের লোগো এবং স্পন্সর ব্র্যান্ডগুলোর লোগোতে উজ্জ্বল সোনালি রঙ ব্যবহার করা হয়েছে।
ফুটবলারদের অনুপ্রাণিত করতে জার্সির কলারের ভেতরে কোবি ব্রায়ান্টের বিখ্যাত ও কালজয়ী উক্তি ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা আছে, ‘খেলাটিকে তুমি যেভাবে পেয়েছিলে, তার চেয়ে উন্নত ও সুন্দর করে রেখে যাও।’
বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোবি ব্রায়ান্ট জীবনজুড়ে খেলায় যে একাগ্রতা, নিষ্ঠা ও জয়ের ক্ষুধা দেখিয়েছেন, তা ক্লাবের তরুণ ফুটবলারদের কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে। খুব দ্রুতই বিশ্বজুড়ে বার্সা ভক্তদের জন্য ফ্যান সংস্করণ ও ম্যাচ সংস্করণ জার্সি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।