Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১১:২২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ১১:৫৮

ফাইল ছবি

ঢাকা: টানা বৃষ্টিপাতের কারণে দেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে এবং এরই মধ্যেই সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বা তিন দিনে নদীর পানি আরও বেড়ে দেশের তিনটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

শনিবার (১৫ আগস্ট)পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বাড়লেও ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিন নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু স্থানে তিস্তা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানিও বেড়েছে এবং গোমতী, মুহুরী, সেলুনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে।

বিজ্ঞাপন

বাউবো-এর পূর্বাভাসে আরও জানা যায়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং আগামী তিন দিন এটি অব্যাহত থেকে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে গঙ্গা-পদ্মা নদীর পানি দুই দিন স্থিতিশীল থাকার পর তিন দিন বৃদ্ধি পেলেও পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং আগামী তিন দিনও এই পানির সমতল হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে। দেশের উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ নদী অববাহিকাসমূহে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর