রাজবাড়ী: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া মোসা. লাইজু (৩৯) নামের নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই) রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করেন। পরে তারা দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।
উদ্ধার হওয়া নারীর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা যায়, তার নাম মোসা. লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার মায়ের নাম মোসা. মোর্শেদা বেগম।
জানা গেছে, ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন যুবক রাতে চাক জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে ধরে ভেসে ভেসে নদীর তীরের দিকে আসছেন এবং বাঁচার জন্য চিৎকার করছেন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে নিয়ে যান এবং দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে খবর দেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘নিখোঁজ নারীর সন্ধান পাওয়ার বিষয়টি আমরা জানতে পেরে তাকে শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে।’
এর আগে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী “কুমিল্লা” নামের ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে।