চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় দুই উপ-পরিদর্শক (এসআই)সহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে খুলশী আমবাগান রেললাইনসংলগ্ন তরুণ সংঘ মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল ও আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলামসহ ৭ পুলিশ সদস্য।
পুলিশ জানান, রাত ৮টায় এসআই মহসিন উদ্দিন রুবেল ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আমবাগান এলাকায় মাদক কারবারি আলমগীরকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর আকস্মিক হামলা চালায় একদল কিশোর গ্যাং সদস্য। তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, আলমগীরের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে বেরিয়ে তিনি ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন। এর আগে গত ১৫ মে রাতে ঝর্ণাপাড়া এলাকায় দলবল নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ ওঠে আলমগীরের বিরুদ্ধে।
পুলিশের দাবি, খুলশী ঝর্ণাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত আলমগীর। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রাখতে তিনি একাধিক কিশোর গ্যাং গ্রুপ পরিচালনা করেন বলেও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাত ১১টায় ১৫ মিনিটে মামলার শীর্ষ মাদক কারবারি আলমগীরকে এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।