ঢাকা: টানা দ্বিতীয় কার্যদিবসের মতো মঙ্গলবার (২৮ জুলাই) দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে বেড়েছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ও বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক দর সংশোধনের পর বাজার কিছুটা নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে এক ধরনের সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছিল। তবে তারা আতঙ্কিত না হয়ে হাতে থাকা শেয়ার ধরে রেখেছিলেন। এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা দেয়, ফলে তারা আবারও লেনদেনে সক্রিয় হতে শুরু করেন।
এছাড়া, বিএসইসির নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বাজারকে স্থিতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, চলতি সপ্তাহের বাকি দুই কার্যদিবসেও যদি এ ধারা অব্যাহত থাকে, তাহলে প্রধান সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করার পাশাপাশি লেনদেনেও নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০১ দশমিক ৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসই-তে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৪টির দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার ডিএসই-তে মোট ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৭২ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩৮৮ কোটি ৮৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ৬৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা।
সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৫২টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৮ দশমিক ৪৯ পয়েন্টে পৌঁছেছে। আগের কার্যদিবসে সূচকটি ১২৫ দশমিক ৭৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।