Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগদ বিক্রির গুঞ্জন ভিত্তিহীন: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট 
২৯ জুলাই ২০২৬ ১৭:৩১ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৯:০০

– ছবি : সংগৃহীত

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ বিক্রি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই)  রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের মুনাফার অংশ হিসেবে নগদের পক্ষ থেকে ডাক অধিদপ্তরের কাছে ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে নগদ সরকারি ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং নগদের মুনাফা সেই সফলতার একটি উদাহরণ।

ফকির মাহবুব আনাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে পরিচালিত ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস মডেল বাংলাদেশেও ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে ব্যাপক প্রচারণার মাধ্যমে আরও উদ্যোক্তাকে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের আস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক করা হবে। পাশাপাশি দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই ডিজিটাল ও আর্থিক সেবা পেতে পারেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, নগদের সঙ্গে ডাক বিভাগের অংশীদারিত্বের ফলে সরকারের রাজস্ব, ডাক বিভাগের আয় এবং জনগণের আস্থা বেড়েছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

প্রথম পর্যায়ে ঢাকার চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে।

পরে মন্ত্রী ডাক বিভাগের ইডি এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার সমাধানে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সভাপতিত্ব করেন।

সারাবাংলা/এমএমএইচ/এসআর 
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর