টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার নয়া বাড়ি গ্রামের আব্দুল আজিজ এর মেয়ে রাজিয়া বেগম (৩৩), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মনদোয়ার গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী
সেতু আক্তার (২২), কুড়িগ্রাম সদর উপজেলার মো. পথিকের মেয়ে তাজবীর (৮)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুর গামী ক্রাউন ডিলাক্স নামক একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস স্টেশন এর কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহত ১৭ জনের মধ্যে গুরুতর ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।