Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ী ডাকঘরে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১৫:২৬

রাজবাড়ী: রাজবাড়ীর প্রধান ডাকঘর থেকে ‘ফিক্সড ডিপোজিট’ জমা দিতে আসা গ্রহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্ট ১৩ জন কর্মচারীর বিরুদ্ধে ৫০ জন ভুক্তভোগীর পক্ষে নাছরিন আক্তার নামে এক ভুক্তভোগী গ্রাহক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বাদী নাছরিন আক্তার জেলার সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ীর ১নং সদর আমলী আদালতে দণ্ড বিধির ৪০৬/৪২০ ধারায় সদর সিআর নম্বর-৯৩৫/২০২৬ মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী আসামীদের প্রতি সমন জারি আদেশ এবং আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযুক্তরা হলেন, রাজবাড়ী পোস্ট অফিসের সাবেক পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাস, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব মৃধা, লেটার রাইটার মাহবুবুর রহমান, পোস্টাল অপারেটর নাজমুল হাসান, ট্রেজারার প্রনব কুমার সরকার, এমএলএসএস মো. রেজাউল আলম, পোস্টাল অপারেটর গোলাম মোস্তফা, পোস্টাল অপারেটর এস এম নরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল ক্যারিয়ার বিউটি রানি দাস, নুরুল মাসুদ ও রোকনাসানা আক্তার।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন ও আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ফিক্সড ডিপোজিটের নামে টাকা গ্রহণ করেন। টাকা জমা নেওয়ার পর প্রত্যেককে রশিদ দেওয়া হলেও পরে পাস বই দেওয়ার ক্ষেত্রে ‘কম্পিউটার সার্ভারের ত্রুটি’ দেখিয়ে দীর্ঘদিন ঘুরানো হয়।

মামলায় বলা হয়েছে, ভুক্তভোগীরা বারবার প্রধান ডাকঘরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে জমাকৃত অর্থ ফেরত চাইলে পোস্ট মাস্টার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এদিকে অভিযুক্তদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে অন্য ডাকঘরে বদলি হয়ে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্যমতে, ৫০ জন ভুক্তভোগী বিভিন্ন সময়ে ১৩ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট হিসেবে জমা দেন। মোট অর্থের পরিমাণ ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।

মামলায় বাদীপক্ষের আইনজীবী এডভোকেট অশোক কুমার ঘোষ বলেন, আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন। ভালো একটি আদেশ হয়েছে। আশা করছি ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন।

রাজবাড়ী সদর আমলী আদালতের পেশকার উত্তম কুমার সাহা জানান, রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলার আমলী আদালতে ভুক্তভোগী নাসরিন আক্তার ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলার আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পোস্ট অফিসের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সমন জারি করেন। ওই কর্মকর্তা-কর্মচারীদের ৩ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী প্রধান ডাকঘরের বর্তমান পোস্ট মাস্টার শামীম আহমেদ বলেন, গ্রাহকদের পক্ষ থেকে আদালতে মামলা দায়েরের বিষয়টি তিনি জেনেছেন। টাকা আত্মসাতের ঘটনায় খুলনা ডিভিশন কার্যালয় ও কুষ্টিয়া সার্কেল অফিস থেকে গঠিত দুটি পৃথক তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম শেষ করেছে। খুব শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদনের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করবো।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর