নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে সাশ্রয় হওয়া ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।
মনোহরদী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কর্মসূচির অধীনে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার মহিষাখালী ও গঙ্গাজলী খালের পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর মধ্যে মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে সরকার মোট ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩ টাকা বরাদ্দ দেয়। তবে নির্ধারিত গুণগত মান অক্ষুণ্ন রেখে কাজ সম্পন্ন করতে প্রাক্কলনের তুলনায় কম ব্যয় হওয়ায় ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা সাশ্রয় হয়। পরবর্তীতে সরকারি বিধি অনুসরণ করে পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, খাল পুনখনন কাজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের তত্বাবধানে ও পরামর্শে কাজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিবিড় তদারকি এবং ডিজিটাল সার্ভের মাধ্যমে কাজের পরিমাপ নিশ্চিত করায় অপ্রয়োজনীয় ব্যয়, ভুয়া শ্রমিকের বিল ও আর্থিক অপচয় রোধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। খননকৃত মাটি স্থানীয় সড়ক সংস্কারে ব্যবহার করা হয়েছে এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণও করা হয়েছে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, ‘মনোহরদীর ঐতিহ্যবাহী মহিষাখালী ও গঙ্গাজলী খাল দীর্ঘদিন ভরাট হয়ে প্রায় অকেজো হয়ে পড়েছিল। সরকারের উদ্যোগে খাল দুটি পুনঃখনন করা হয়েছে। কাজ শুরুর আগে ও শেষে ডিজিটাল সার্ভের মাধ্যমে পরিমাপ নিশ্চিত করা হয় এবং পুরো প্রকল্পজুড়ে নিবিড় তদারকি করা হয়েছে। ফলে অপ্রয়োজনীয় ব্যয় ছাড়াই কাজ শেষ করা সম্ভব হয়েছে।’