ঢাকা: রাজধানীর চারপাশে অবহেলিত নৌপথগুলো পুনরায় সচল করার পাশাপাশি নৌপথে আধুনিক ওয়াটার বাস পরিচালনার বিষয়ে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২ আগস্ট ) সচিবালয়ে ঢাকার চারপাশে নৌপথ চালু সংক্রান্ত আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর মারাত্মক দূষণ প্রতিরোধ করা যায়, শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা যায় এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ অব্যাহত রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া নদীর চারপাশে নবনির্মিত ওয়াকওয়ের দুইপাশে বিভিন্ন ফলজ, বনজ ও পরিবেশবান্ধব গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেন তিনি, যাতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি নদীর তীরের নান্দনিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।