ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া সহজ করতে চার সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনগুলো যাতে দ্রুত ও সহজে নিষ্পত্তি করা যায়, সেজন্য আবেদনের সাথে জমা দেওয়া বিভিন্ন প্রমাণক বা কাগজপত্র সঠিকভাবে নিরীক্ষা করতেই এই কমিটি কাজ করবে।
গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। এছাড়া সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) ও সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পরিচালককে (সংশোধন ও প্রতিস্থাপন)।
এই চার সদস্যের কমিটি মূলত এনআইডিতে তথ্যের পরিবর্তনের ধরণ অনুযায়ী আবেদনের শ্রেণিকরণ করবে এবং কোনো পরিবর্তনের জন্য কী কী দলিল বা প্রমাণপত্র প্রয়োজন হবে, তার একটি নির্দিষ্ট তালিকা তৈরি করবে। পাশাপাশি ‘ঘ’ ক্যাটাগরির যেসব আবেদন পর্যাপ্ত প্রমাণের অভাবে বাতিল হয়েছিল, পরবর্তীতে সেগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র পুনঃদাখিল করা হলে কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট সুপারিশ দেবে তারা।
আবেদনগুলো দ্রুত ও সহজে সমাধানের উপায়ের পাশাপাশি অনলাইনে আবেদন প্রক্রিয়াকরণের সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের মতামত দেওয়াও এ কমিটির অন্যতম কাজ। এছাড়া জাতীয় পরিচয়পত্র লক-আনলক করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার (রোলব্যাক) যৌক্তিক কারণ ও প্রক্রিয়া সম্পর্কেও প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি।
উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।
এনআইডি সংশোধন সহজ করতে ইসি’র নতুন কমিটি
সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৭:৫১
২ আগস্ট ২০২৬ ১৬:৫৩ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৭:৫১