ঢাকা: পদ্মা নদীতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করে নদীভাঙন রোধ এবং পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ১৯ জনের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। এর প্রভাবে শরীয়তপুর, পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুরসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিচ্ছে। এতে প্রতিবছর শত শত হেক্টর কৃষিজমি ও অসংখ্য বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে।
আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া বলেন, নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের কারণে পদ্মা সেতুর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। নদীর স্রোতের গতিপথ পরিবর্তন, সেতুর পিলারের ভারসাম্যে প্রভাব এবং তীররক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ বিদ্যমান আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন সেতু, বাঁধ, কালভার্ট ও এর আশপাশের এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি অভিযোগ করেন, আইন অমান্য করে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখায় সরকারের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো হুমকির মুখে পড়ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে পদ্মা সেতুর জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হতে পারে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, গত ৮ জুলাই আইন ও মানবাধিকারবিষয়ক সংগঠন ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস)’ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। তবে ১০ দিন অতিবাহিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ অবস্থায় সংগঠনটির পক্ষে পাঠানো আইনি নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ, কৃষিজমি রক্ষাসহ পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।