Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সদস্যদের তালিকা চেয়ে ইসি’র চিঠি

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৬:১৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৮:০১

নির্বাচন কমিশন (ইসি)

‎ঢাকা: ‎২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

‎তিনি আরও জানান, ভোটার তালিকা পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ সদস্যদের প্রাপ্ত তালিকার ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। উল্লেখ্য, ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ করে থাকেন, তাই এই পদের ভোটগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসি।

‎অন্যদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এনআইডি সংক্রান্ত বিষয়ে একটি কমিটি গঠন করা হলেও তাদের সুপারিশগুলো এখনো চূড়ান্ত বা সুনির্দিষ্ট এসওপি আকারে তৈরি করা হয়নি। কোনো ধরনের অসংগতি যেন না থাকে, সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত ব্রিফিং করা হবে। জন্মতারিখ সংশোধনের একটি উদাহরণের কথা উল্লেখ করে তিনি জানান, একজন আবেদনকারী ২০০৮ সালের ভোটার তালিকায় যেভাবে বয়স পরিবর্তনের আবেদন করেছেন, তাতে দেখা যায় তিনি মাত্র সাত বছর চার মাস বয়সে ভোটার হয়েছিলেন। এই ধরনের অসঙ্গতিপূর্ণ আবেদন অনুমোদন না করার পেছনে যুক্তি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎এছাড়া তথ্যের ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পাসপোর্ট একটি ট্রাভেল ডকুমেন্ট এবং এনআইডি হলো ন্যাশনাল ডকুমেন্ট। পুরো বিষয়টি জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের ওপর নির্ভরশীল এবং তার ওপর ভিত্তি করেই পাসপোর্ট ইস্যু করা হয়, ফলে এখানে একটি ধারাবাহিক চেইন বা শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর